ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৪ March ২০২৬, ০৭:৩৫ PM | পঠিত: ৬৫ বার

ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জনগণের চিকিৎসাসেবা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে ‘ই-হেলথ কার্ড’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট মন্ত্রী ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দ্রুত ই-হেলথ কার্ড চালুর কার্যক্রম শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের বিষয়েও আলোচনা হয়। জানা গেছে, শুধু এলজিইডিরই প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবনকে স্বাস্থ্যসেবা প্রদানের কাজে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া নবজাতক জন্মের পরিসংখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করে জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে, যার ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক নিয়োগ এবং দুর্গম এলাকায় চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার
একই দিনে সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন-সংক্রান্ত সেলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সারাদেশে খাসজমি, চরাঞ্চল, নদীতীর, সড়ক-মহাসড়কের পাশ ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপকভাবে বৃক্ষরোপণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সভায় বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দেশের শান্তি-নিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।