ঈদে মিলছে না নতুন টাকার নোট...!

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৯ March ২০২৬, ১১:২৮ PM | পঠিত: ১৮ বার

নিজস্ব প্রতিবেদক :


এবারও ঈদ উপলক্ষে ব্যাংক থেকে নতুন টাকার নোট পাওয়ার সুযোগ হচ্ছে না নাগরিকদের। এমনকি বাড়তি টাকা গুণেও মিলছে না নতুন টাকার নোট !

আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ঈদ উপলক্ষে পুরনো টাকা বদলে নতুন নোট নেওয়ার সুযোগ দেওয়া হতো। তবে সেই ধারা বজায় থাকেনি ২০২৪ সালে। গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন নোট নেওয়ার সুবিধা বন্ধ করে দিয়ে শুধু বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করার নিয়ম চালু করেন।

কিন্তু ক্ষমতায় পালাবদলের পর আহসান এইচ মনসুর গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন নোট বিতরণ করার পুরো কার্যক্রম বাতিল করে দেন। ফলে, গত বছরও কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কোনো শাখা থেকে নতুন নোট দেওয়া হয়নি।

সেই ধারায় এবারও বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ঈদে কোনো নতুন নোট ছাড়া হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তবে জনসাধারণের জন্য উন্মুক্ত না হলেও নিজেদের কর্মীদের মধ্যে নতুন টাকার নোট বিনিময় করতে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একজন কর্মকর্তা সর্বোচ্চ কত টাকার নতুন নোট বিনিময় করতে পারবেন, তার সীমা ঠিক করে অভ্যন্তরীণ সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হাজিরাভিত্তিক নিয়োজিত কর্মীরাও সেই তালিকায় রয়েছেন।

গতকাল (রোববার) থেকে বাংলাদেশ ব্যাংক ও টাকশালের (দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন) কর্মীরা এ সুবিধায় নতুন টাকার নোট সংগ্রহ শুরু করেছেন বলে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নির্বাহী পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকার নতুন নোট বিনিময় করতে পারবেন। আর সবার নিম্নে থাকা আউটসোসিংয়ের কর্মীরা পাবেন ৬৮ হাজার টাকা। আউট সোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীসহ চুক্তিভিত্তিক নিয়োজিত এসব কর্মীর মাসিক মজুরি সর্বোচ্চ ২০ হাজার টাকা।

দৈনিক হাজিরাভিত্তিক মজুরি পাওয়া একজন পরিচ্ছন্ন কর্মীও এক মাসের বেতনের প্রায় সাড়ে তিন গুণ বেশি টাকার নতুন নোট নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এদিকে বাণিজ্যিক ব্যাংক থেকেও নতুন নোট সংগ্রহ করতে পারছেন শুধু পরিচিতরাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।