ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, পরদিন থেকে স্বাভাবিক চলাচল
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে। সোমবার প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র ঈদের দিনই এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সরকার ঘোষিত টানা সাত দিনের ঈদের ছুটির মধ্যে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় যাত্রীচাপ কম থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঈদের দিন সাধারণত নগরীতে মানুষের চলাচল তুলনামূলক কম থাকে এবং অধিকাংশ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটান। এই বিষয়টি বিবেচনায় নিয়েই মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ডিএমটিসিএল।
তবে যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঈদের পরদিন থেকেই মেট্রোরেল আবারও পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করবে। নিয়মিত অফিস-আদালত খোলার সঙ্গে সঙ্গে আগের মতোই যাত্রীসেবা প্রদান করা হবে।
এদিকে আগাম যাতায়াত পরিকল্পনা করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে ডিএমটিসিএল। বিশেষ করে ঈদের দিন যাদের জরুরি প্রয়োজনে রাজধানীর এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে, তাদের বিকল্প পরিবহন ব্যবস্থার কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
