ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি, সমর্থন জানাল আইআরজিসি ও সামরিক বাহিনী-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৯ March ২০২৬, ১১:১২ AM | পঠিত: ১৪ বার

ডেস্ক রিপোর্ট :
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় পুত্র মুজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৫৬ বছর বয়সী মুজতবা খামেনি কখনো সরাসরি কোনো নির্বাচনে অংশ নেননি কিংবা জনমতের মুখোমুখি হননি। তবে দীর্ঘদিন ধরে তিনি ইরানের ক্ষমতার কেন্দ্রের ঘনিষ্ঠ মহলে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
মুজতবা খামেনি নিজে কখনো প্রকাশ্যে সর্বোচ্চ নেতার উত্তরসূরি হওয়ার বিষয়ে কথা বলেননি। বিশ্লেষকদের মতে, তাঁর এই পদে আসীন হওয়া ইরানে এক ধরনের রাজবংশীয় শাসনের ধারণা তৈরি করতে পারে, যা ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে পাহলভি রাজতন্ত্রের স্মৃতি মনে করিয়ে দেয়।
এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তাঁর প্রতি ‘একনিষ্ঠ ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে। তারা বলেছে, নতুন সর্বোচ্চ নেতার সব নির্দেশ বাস্তবায়নে তারা প্রস্তুত থাকবে।
আইআরজিসি আরও জানায়, ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ (Assembly of Experts) কর্তৃক এই নির্বাচন প্রমাণ করে যে ইরানের ইসলামিক ব্যবস্থা কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয় এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রতি সমর্থন ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তাঁকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানী, ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।