ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত-যুদ্ধ গড়াল তৃতীয় দিনে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০২ March ২০২৬, ১০:৩৩ AM | পঠিত: ১০০ বার

ডেস্ক রিপোর্ট :

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান তৃতীয় দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় উভয় পক্ষেই প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। সংঘাতের বিস্তার এখন মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় জানিয়েছেন, “আমাদের সমস্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।” মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ট্রাম্প আরও হতাহতের আশঙ্কার কথাও উল্লেখ করেছেন।
ইসরায়েল দাবি করেছে, তারা লেবাননে হিজবুল্লাহ–র জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো গতকাল হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে, যদিও এতে হতাহতের খবর মেলেনি।
ইরানি কর্মকর্তাদের দাবি, একটি বালিকা বিদ্যালয়ে হামলায় অন্তত ১৫৩ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ ঘটনাকে ‘বর্বরোচিত’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র বেইত শেমেশ শহরে আঘাত হানলে অন্তত নয়জন নিহত হন। এটি চলমান সংঘাতে ইসরায়েলের সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবেচিত হচ্ছে।
সংঘাতের প্রভাব ইতোমধ্যে লেবাননের বৈরুত, ইরাকের বাগদাদ এবং সাইপ্রাসেও বিস্তৃত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, প্রতিশোধমূলক হামলায় তিনজন নিহত হয়েছেন। বাহরাইন, ইরাকের এরবিল ও জর্ডানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। সোমবার এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চাইলে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পারবে, তবে আপাতত যুক্তরাজ্য সরাসরি আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না। ব্রিটিশ বিমানবাহিনী আরএএফ সাইপ্রাসে একটি ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলার জবাব দিচ্ছে বলেও নিশ্চিত করেছে।
বিশ্লেষকদের মতে, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।