যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়: ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। দেশবাসীর সমর্থন ও সহযোগিতা পেলে জনগণের প্রত্যাশা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিন পর দেশের মাটিতে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পেরে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও যেন দেশবাসী শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদ্যাপন করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের বিভিন্ন স্তরের মানুষ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদের এই শুভক্ষণে যমুনায় আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান জাতীয় ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
