মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহযোগিতা চেয়েছে ট্রাম্প-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৬ March ২০২৬, ০৬:৫৪ PM | পঠিত: ৩৮ বার

ডেস্ক রিপোর্ট:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছেন। জেলেনস্কি বলেন, ইতোমধ্যেই সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইউক্রেনের বিশেষজ্ঞ দল অবস্থান করছে।
ফ্রান্সের সংবাদপত্র ল্য মোঁদকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি উল্লেখ করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেন “বিশ্বসেরা” অভিজ্ঞতা অর্জন করেছে। যেহেতু রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করছে, তাই ইউক্রেনের বাহিনীর কাছে এই ড্রোন ধ্বংসের কৌশল এবং গতিপ্রকৃতি সম্পূর্ণভাবে জানা।
তিনি জানান, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সুরক্ষা দিতে ইউক্রেনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। তবে জেলেনস্কি উল্লেখ করেন, প্যাট্রিয়ট ও থাডসহ বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ড্রোন হামলা পুরোপুরি প্রতিহত করতে যথেষ্ট নয়। তাই ভারী ড্রোন মোকাবিলায় বিশেষ আধুনিক ইন্টারসেপ্টর সরঞ্জামের প্রয়োজন, যা ইউক্রেন সরবরাহের বিষয়ে আলোচনা করছে।
অপর দিকে, জেলেনস্কি মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে একটি দ্বিপক্ষীয় সহযোগিতা প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন চায় এসব দেশের কাছে থাকা কিছু আকাশ প্রতিরক্ষা মিসাইল তাদের কাছে দেওয়া হোক, যেখানে কিয়েভে এই ধরনের সরঞ্জামের ঘাটতি রয়েছে।
জেলেনস্কি আক্ষেপ করে বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের ঘাটতি। ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্প সক্ষমতার মাত্র অর্ধেক ব্যবহার করতে পারছে এবং ড্রোন উৎপাদন বাড়াতে প্রচুর অর্থায়ন প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতার মাধ্যমে ইউক্রেন নিজেও সামরিকভাবে শক্তিশালী হবে এবং সঠিক চুক্তির মাধ্যমে উভয় পক্ষই উপকৃত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।