নিরপেক্ষতা নিশ্চিতে দল ও সরকারি পদ ছাড়লেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৯ March ২০২৬, ০৪:৫০ PM | পঠিত: ১৩ বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সংসদের অধিবেশন পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখতে সরকার ও দলের পদ থেকে পদত্যাগ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে সভাপতিত্বকালে তিনি বলেন, সংসদের প্রতিটি সদস্যের অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতে তিনি সর্বদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যেই তিনি আগে থেকেই সরকার ও দলের পদ ছেড়েছেন বলে জানান।
প্রথম দিনের মতো অধিবেশনে সভাপতিত্ব করে ডেপুটি স্পিকার সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সংসদ শুধু আইন প্রণয়নের স্থান নয়, বরং জনগণের কাছে সরকারের জবাবদিহিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধ, শহীদদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করেন। একই সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এই আন্দোলন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে।
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি হযরত আবু বকর (রা.)-এর উদ্ধৃতি দিয়ে বলেন, “আমি সঠিক থাকলে আমাকে সহযোগিতা করবেন, আর ভুল করলে শুধরে দেবেন।” তিনি স্বীকার করেন, সংসদের অনেক সদস্য তাঁর চেয়ে বেশি অভিজ্ঞ ও জ্ঞানী—তাই দায়িত্ব পালনে সবার সহায়তা প্রয়োজন।
অধিবেশনে ডেপুটি স্পিকারকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন চিফ হুইপ নূরুল ইসলাম ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতা সংসদীয় কার্যক্রমে গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মায়ের মৃত্যুতে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংসদের মর্যাদা রক্ষায় সবাইকে শালীনতা, যুক্তি ও পারস্পরিক সম্মান বজায় রেখে বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, “জাতীয় সংসদ হবে জাতির দর্পণ।”

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।