নতুন সংসদে ইতিবাচক পরিবর্তনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী\'র-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৭ March ২০২৬, ০৯:১৫ PM | পঠিত: ১৫ বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং জনগণ যে ধরনের সংসদ প্রত্যাশা করে, সেটিই দেখতে পাবে। অতীতের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে একটি ইতিবাচক ও কার্যকর সংসদ গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি।
আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, কর্মশালায় নতুন সংসদ সদস্যদের সংবিধান, সংসদের কার্যপ্রণালী, সংসদীয় রীতি-নীতি ও আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন জনপ্রতিনিধিরা যেন জনগণের প্রত্যাশা পূরণে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন সংসদ সদস্যদের মধ্যে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে বিএনপি বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাঁর ভাষায়, “একটি শিশু জন্মের পর যেমন নতুন পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করে, তেমনি নতুন সংসদ সদস্যদেরও সঠিক দিকনির্দেশনা দিয়ে প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে।”
গতকাল শুক্রবার শুরু হওয়া এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালার শেষ দিনে সকাল অধিবেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের অধিবেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা যোগ দেন।
দলীয় সূত্রে জানা গেছে, কর্মশালায় সংসদে পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন ও পর্যালোচনার প্রক্রিয়া, নিজ নিজ এলাকার সমস্যা সংসদে তুলে ধরার কৌশল এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সংসদ সদস্যদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
এ কর্মশালায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ও গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে অংশ নেন অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মোট ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদে বসতে যাচ্ছেন। নতুন সংসদ সদস্যদের সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এরই মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সেই অধিবেশনকে সামনে রেখেই নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।