পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক: নারী হোটেলকর্মীর সঙ্গে অসদাচরণে জরিমানা
ক্রীড়া ডেস্ক :
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজেছে আগেই। তবে দলের হতাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি এবার সামনে এসেছে নতুন এক বিতর্ক। টুর্নামেন্ট চলাকালে এক নারী হোটেলকর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগে পাকিস্তানের এক ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
টেলিকম এশিয়া স্পোর্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেলে অবস্থানকালে ওই ঘটনা ঘটে। সেখানে পাকিস্তান দলের বেশ কয়েকজন ক্রিকেটার অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, হোটেলের এক নারী কর্মীর সঙ্গে অশোভন আচরণ করেন দলের এক সদস্য। বিষয়টি জানাজানি হওয়ার পর তাকে শাস্তি হিসেবে জরিমানা করা হয়। তবে অভিযুক্ত ক্রিকেটারের নাম কিংবা জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।
বিশ্বকাপের সুপার এইট পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান দল ওই হোটেলেই অবস্থান করছিল। ম্যাচটি জিতলে সেমিফাইনালের সুযোগ থাকলেও সামগ্রিক পারফরম্যান্সে হতাশাজনক ফলের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় দলটি। দলের এমন পারফরম্যান্সে পাকিস্তান ক্রিকেট বোর্ডও কঠোর অবস্থান নিয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেওয়ায় অধিনায়ক সালমান আলী আগাসহ দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২১ লাখ ৭১ হাজার টাকা। ভবিষ্যতে ক্রিকেটারদের আর্থিক সুযোগ–সুবিধাও পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশ সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরে বাংলাদেশ–পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে পাকিস্তান দলের সফর নিয়ে সংশয় দেখা দিয়েছে। নিরাপত্তা ও ভ্রমণ পরিস্থিতি অনুকূল হলেই কেবল দলটি বাংলাদেশ সফর করবে বলে জানা গেছে।
এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। নতুন অধিনায়ক করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। দলে বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। তবে বাবর আজম, ফখর জামান ও সাইম আইয়ুবের মতো পরিচিত কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজের দলে রাখা হয়নি।
