পাকিস্তানের বিপক্ষে মিরাজ-লিটনের বুদ্ধিমত্তায় মুগ্ধ বিসিবি

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১৬ March ২০২৬, ১০:৪৮ PM | পঠিত: ৩৫ বার

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস–এর বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের ‘স্মার্ট’ সিদ্ধান্তেই ম্যাচে বড় সুবিধা পেয়েছে বাংলাদেশ।
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দুই বলে পাকিস্তানের দরকার ছিল ১২ রান। ওভারের পঞ্চম বলে রিশাদ হোসেনের বল লেগসাইডে মারতে যান শাহিন শাহ আফ্রিদি। আম্পায়ার বলটি ‘ওয়াইড’ ঘোষণা করার কিছুক্ষণ পর মিরাজ পর্যালোচনা (রিভিউ) নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে তিনি ওয়াইডের বিরুদ্ধে নয়, বলটি প্যাডে লাগেছে কি না তা যাচাই করার জন্য রিভিউ নেন।
শেষ পর্যন্ত এলবিডব্লিউ না হলেও বল প্যাডে লাগায় ওয়াইড বাতিল হয়ে যায়। ফলে পাকিস্তানের সামনে সমীকরণ দাঁড়ায় এক বলে ১২ রান, যা আর সম্ভব হয়নি।
মিরাজ, লিটন ও রিশাদের আলোচনার মাধ্যমে ওয়াইড বল বাতিল করার সিদ্ধান্ত দেখে মুগ্ধ হন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, রিশাদের শরীরী ভাষা দেখে বোঝা যাচ্ছিল বলটি কোথাও লেগেছে। সেই ধারণা থেকেই অধিনায়ক ও উইকেটরক্ষকের সঙ্গে আলোচনা করে রিভিউ নেওয়া হয়, যা পরে সঠিক প্রমাণিত হয়।
তিনি আরও বলেন, চাপের মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা এখন ম্যাচ পরিস্থিতি সম্পর্কে অনেক বেশি সচেতন এবং ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে পারছে।
যদি সে সময় মিরাজ রিভিউ না নিতেন, তাহলে ওয়াইডের পর পাকিস্তানের সামনে শেষ দুই বলে ১১ রানের সমীকরণ দাঁড়াত। তখন আফ্রিদি ম্যাচটি সুপার ওভারে নিতে পারতেন বা দুই ছক্কায় জিতেও যেতে পারতেন। কিন্তু ওয়াইড বাতিল হওয়ার পর ইনিংসের শেষ বলে রিশাদ আফ্রিদিকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। এতে বাংলাদেশ ১১ রানের রোমাঞ্চকর জয় পায়।
২০২৫ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডেতে স্থায়ী অধিনায়ক হন মিরাজ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্ব তাঁর কাঁধে রয়েছে। অধিনায়ক হওয়ার পর বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে সিরিজ হারলেও পরে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে।
মিরাজের নেতৃত্বের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ভবিষ্যতে মেয়াদ বাড়ানো হতে পারে।
পাকিস্তান সিরিজের পর বাংলাদেশ দল প্রায় এক মাসের বিরতি পাবে। এরপর ১৭, ২০ ও ২৩ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, এবং তৃতীয় ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৭। শীর্ষে রয়েছে ভারতের দল, তাদের রেটিং পয়েন্ট ১১৯। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের দল, তাদের রেটিং পয়েন্ট ১১৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।