প্রকাশ্যে তামাক ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব আনবেন তথ্যমন্ত্রী-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৯ March ২০২৬, ০৮:১২ PM | পঠিত: ৪৬ বার

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ্যে তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করার জন্য জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপনের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিদ্যমান আইনের নামকরণে ‘নিয়ন্ত্রণ’ শব্দের পরিবর্তে ‘প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ শব্দটি অন্তর্ভুক্ত করা হলে আইনের কঠোরতা আরও বাড়বে।
সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘নিয়ন্ত্রণ’ শব্দের মধ্যে অনেক সময় একটি শিথিলতার ভাব থাকে। কিন্তু ‘প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ শব্দটি আইনের দৃষ্টিতে বিষয়টিকে আরও কঠোর অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ শিগগিরই আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া জাতীয় সংসদ অধিবেশনে প্রায় ১৩০টি অধ্যাদেশ উপস্থাপিত হবে, যার মধ্যে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত অধ্যাদেশটিও রয়েছে।
মন্ত্রী বলেন, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়লেও দেশে তামাকজনিত রোগীর সংখ্যা এখনো উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের ব্যবহার কমাতে আরও কঠোর আইন প্রয়োজন।
তিনি স্মরণ করেন, বেগম খালেদা জিয়া সরকারের আমলে বাংলাদেশ আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি Framework Convention on Tobacco Control (FCTC)-তে স্বাক্ষর করে। পরে ২০০৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন’ পাস হয়।
অনুষ্ঠানে তামাকবিরোধী সংগঠন অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) ও প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)র নেতারা তামাকমুক্ত সমাজ গঠনে সরকারের উদ্যোগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, আইনটি পাস হওয়ার পর জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে সৃজনশীল প্রচারণা চালানো হবে, যাতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোও সহজে তা বাস্তবায়ন করতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্ব তামাকমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে এই উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।