মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক:
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রবাসীদের নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শ্রমবাজার—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন—বাংলাদেশের প্রবাসী আয়ের প্রধান উৎস। প্রতি বছর প্রায় ৫ থেকে ৭ লাখ কর্মী এসব দেশে কাজের উদ্দেশ্যে যান। সংঘাত দীর্ঘায়িত হলে শ্রমবাজারে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
দোহাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে হবে এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই শ্রেয়। প্রবাসীদের নগদ অর্থ, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনা খাবার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে +৯৭৪ ৩৩৬৬২০০০ নম্বরে বা mission.doha@mofa.gov.bd ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
একই ধরনের নির্দেশনা দিয়েছে মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাহরাইনে অবস্থানরত প্রবাসীদের সিপিআর কার্ড, নগদ অর্থ, প্রয়োজনীয় ওষুধ ও জরুরি সামগ্রী কাছে রাখার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ নম্বরে বা mission.manama@mofa.gov.bd ইমেইলে যোগাযোগ করা যাবে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক অস্থিরতা অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চলে কর্মরত লাখো প্রবাসীর জীবন-জীবিকা ও বৈদেশিক আয়ে প্রভাব পড়তে পারে।
