রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১৯ March ২০২৬, ০২:১৬ PM | পঠিত: ১৪ বার

রাজশাহী প্রতিনিধি : 
রাজশাহীতে জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরের হেতেমখাঁ জাদুঘর মোড়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে সহিংস রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দুই পক্ষ—মমিনুল ইসলাম মোনা ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান পারভেজের অনুসারীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। মোটরসাইকেল লেনদেনের টাকা নিয়ে বিরোধের জেরে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায় এবং পরে দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়, যা ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি দ্রুত অবনতি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মমিনুল ইসলাম মোনা অভিযোগ করেন, রাশেদুল হাসান পারভেজ তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল নিয়ে দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ করছিলেন না। টাকা দাবি করায় তাঁদের ওপর হামলা চালানো হয়। তিনি আরও অভিযোগ করেন, পারভেজ এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং চাঁদা না দেওয়ার কারণে আগেই বিরোধ তৈরি হয়েছিল।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে রাশেদুল হাসান পারভেজের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে সংঘর্ষ থেমে যায় এবং এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, মোটরসাইকেল কেনাবেচা সংক্রান্ত বিরোধ থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা এক বিবৃতিতে দাবি করে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এটি মূলত দুই কর্মীর ব্যক্তিগত লেনদেনসংক্রান্ত বিরোধ, এখানে চাঁদাবাজির কোনো ঘটনা নেই। সংগঠনটি আরও জানায়, জামায়াতে ইসলামীর কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর।
বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।