গভীর রাতে সীমান্তে এমপি জসিমের অভিযান, ভিডিও ঘিরে আলোচনার ঝড়-
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গভীর রাতে সীমান্ত এলাকায় সরেজমিন তদারকি করেছেন। এ অভিযানের প্রায় ২ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে নিয়ে তিনি অভিযান পরিচালনা করেন। ভিডিওতে দেখা যায়, লুঙ্গি, গেঞ্জি ও মাথায় ক্যাপ পরে সরাসরি অভিযানে অংশ নেন সংসদ সদস্য।
অভিযান চলাকালে আশাবাড়ি ঈদগাহ মাঠ এলাকা থেকে সন্দেহজনক নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। পরে সেগুলো পুলিশ হেফাজতে নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই জসিম উদ্দিন তাঁর নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদক কারবারি, সেবনকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এ ঘটনায় এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই বলছেন, জনপ্রতিনিধির সরাসরি মাঠে উপস্থিতি আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে সামাজিক মাধ্যমে ভিডিওটি ঘিরে নানা আলোচনা-সমালোচনাও চলছে।
