নাটোরে মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে প্লাস্টিকের ট্যাংকি বসিয়ে অবৈধভাবে ১০ হাজার লিটার ডিজেল মজুত রাখার ঘটনা উদঘাটন করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে সিংড়া উপজেলার নিঙ্গইন ভাটোপাড়া এলাকায় নাটোর–বগুড়া মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করা হয়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া পৌরসভার নিঙ্গইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে গর্ত করে পানির ট্যাংকিতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় মাটির নিচে স্থাপন করা প্লাস্টিকের ট্যাংকি থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, অবৈধভাবে এসব জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল।
এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেল (৩৪)-কে অবৈধভাবে ডিজেল মজুত রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, উদ্ধার করা ডিজেল আগামীকালের মধ্যে নিজ দোকানে স্থানান্তর করে নিয়ম অনুযায়ী বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
