রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, কোটি টাকার মালামাল পুড়ে ছাই-
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কারিতাস বাংলাদেশের একটি ওয়্যারহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক কোটি টাকারও বেশি মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কারিতাস ওয়্যারহাউসের সুপারভাইজার তারিক উদ্দিন জানান, এটি মূলত একটি ক্যাম্পের ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) কার্যক্রমের জন্য ব্যবহৃত গুদামঘর ছিল। এখানে একটি ক্যাম্পের ওয়াশ সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম মজুত ছিল। প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি হতে পারে। কারণ ওয়াশ কার্যক্রমের প্রায় সব সরঞ্জামই এই দুটি ওয়্যারহাউসে সংরক্ষিত ছিল।
কারিতাস ওয়্যারহাউসের প্রজেক্ট কো-অর্ডিনেটর উত্তম কুমার বলেন, দুপুর আনুমানিক ২টা থেকে ২টা ৫ মিনিটের মধ্যে আগুনের ঘটনা ঘটে। সে সময় নামাজ পড়তে থাকা দুইজন স্টাফ আগুনের শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন লাইনের শেষ ঘরের ছাদের ওপর প্রথমে আগুন লাগে। দুই থেকে তিন মিনিটের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রায় পাঁচ মিনিটের মধ্যে মূল ওয়্যারহাউসটি আগুনে পুড়ে যায়।
তিনি আরও বলেন, ঘরটি বাঁশ ও নেট দিয়ে তৈরি ছিল এবং ভেতরে প্লাস্টিক আইটেম, পাইপসহ বিভিন্ন মেরামত সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এর আগেই বেশিরভাগ মালামাল পুড়ে যায়।
উখিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ ডলার ত্রিপুরা জানান, প্রথমে নিকটবর্তী স্যাটেলাইট ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে উখিয়া ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর ২টার দিকে আগুন লাগলেও বিকেল সাড়ে ৩টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। স্টোর হাউসটিতে রোহিঙ্গাদের জন্য কারিতাস বাংলাদেশের সরবরাহ করা প্লাস্টিক সামগ্রী, বস্তা ও বিভিন্ন গৃহস্থালি জিনিসপত্র মজুত ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, স্টোর হাউসের পশ্চিম-দক্ষিণ কোণা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
উখিয়াস্থ ১৪ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুরো গুদামটি পুড়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
