সিলেটে চোরাই গরু জবাই ইফতার বিতর্ক: প্রবাসী দেশত্যাগ, সামাজিক প্রতিক্রিয়ার ঝড়-
নিজস্ব প্রতিবেদক :
ওসমানীনগর, সিলেট – উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নে র গলমুখাপন গ্রামে চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল আয়োজনের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রবাসী আহমদ মধু’র বাড়ির কেয়ারটেকার সাঈদী ইফতারের জন্য প্রেরিত গরু না কিনে একই এলাকার নাজমুল ইসলামের হারানো গরুটি মাঠ থেকে ধরে এনে জবাই করেছিলেন।
ঘটনার সময়, ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনাইটেড গলমুখাপন ট্রাস্ট’ এর পক্ষ থেকে মাহফিল আয়োজন করা হয়েছিল। প্রায় সহস্রাধিক রোজাদার, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা ইফতারে অংশ নেন। তবে চোরাই গরুর মাংস ব্যবহারের বিষয়টি জনসমক্ষে প্রকাশ পাওয়ার পর মহল্লা জুড়ে সমালোচনার ঝড় বইছে।
প্রকাশিত অভিযোগ অনুযায়ী, প্রবাসী আহমদ মধু কেয়ারটেকারকে তিনটি গরু কেনার জন্য অর্থ প্রদান করেছিলেন। কিন্তু সাঈদী গরু না কিনে নিখোঁজ গরুটি জবাই করার ঘটনা ঘটায়। বিষয়টি জানাজানি হলে প্রবাসী মুহূর্তেই গরুর মালিককে ৭০ হাজার টাকা পরিশোধ করে মীমাংসা করেন। এরপর শুক্রবার রাতে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশত্যাগ করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ আহমদ মধুর আচরণকে ন্যায়সঙ্গত বললেও, অনেকে কেয়ারটেকারের কর্মকাণ্ড ও প্রবাসীর পরিস্থিতিকে সমালোচনা করেছেন। স্থানীয়রা জানান, এই ঘটনায় প্রবাসী এবং তার পরিবার সামাজিকভাবে চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, “এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সূত্রে বলা হচ্ছে, কেয়ারটেকার সাঈদী এখনও পলাতক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গ্রামবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনগুলো সচেতন হয়েছেন। এলাকায় এই ঘটনায় সামাজিক ও নৈতিক বিতর্ক এখনও উত্তপ্ত অবস্থায় রয়েছে।
