রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ ‘অমুসলিম’ শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রশাসনের গণ-ইফতার আয়োজন

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০১ March ২০২৬, ১২:৩০ PM | পঠিত: ১৪ বার

রাবি প্রতিনিধি:

রমজান মাস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য গণ-ইফতারের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। তবে এই আয়োজনের বাইরে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীদের। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মুসলিম ছেলে শিক্ষার্থী এবং শহীদ মিনার চত্বরে মুসলিম ছাত্রীদের জন্য পৃথকভাবে ইফতারের আয়োজন করা হয়। ইফতারে গরুর মাংসের বিরিয়ানি পরিবেশন করা হয় বলে জানা গেছে।
কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সব শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ থাকা উচিত ছিল। শহীদ শামসুজ্জোহা হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, অমুসলিম শিক্ষার্থীদের জন্য কোনো ব্যবস্থা না থাকায় বিষয়টি বৈষম্যমূলক মনে হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল অভিযোগ করেন, প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সকল শিক্ষার্থীর সমান অধিকার থাকা উচিত। একই সঙ্গে তিনি আয়োজনে ব্যবহৃত অর্থের উৎস নিয়েও স্বচ্ছতার দাবি জানান।
রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ মানে সবার জন্য আয়োজন। অমুসলিম শিক্ষার্থীদের বাইরে রাখার সিদ্ধান্ত দুঃখজনক।
রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনকে অবহিত করা হলেও আলাদা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন জানান, প্রশাসনের অভ্যন্তরীণ অর্থায়নে কেন্দ্রীয় মসজিদে মুসলিম শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়েছে। অমুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো আয়োজন করা হয়নি; আবাসিক হলে ব্যবস্থা হলে তখন তাদের অন্তর্ভুক্ত করা হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।