জামায়াত সমর্থিত এমপির উপস্থিতি: স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বর্জন মুক্তিযোদ্ধাদের

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৭ March ২০২৬, ০৭:১২ PM | পঠিত: ১৬ বার

নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফা-এর উপস্থিতিকে কেন্দ্র করে পূর্বধলায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান বর্জন করেছেন বীর মুক্তিযোদ্ধাদের একাংশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার জগত মনি উচ্চবিদ্যালয় মাঠে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়।
স্থানীয়দের মতে, জামায়াত-সমর্থিত এই সংসদ সদস্য অনুষ্ঠানে উপস্থিত থাকায় পূর্বধলার কয়েকজন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ থেকে বিরত থাকেন।
পূর্বধলা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা কমান্ডারের নির্দেশেই অনুষ্ঠান বয়কট করা হয়েছে। তিনি দাবি করেন, জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হওয়ায় তাদের উপস্থিতিতে কোনো কর্মসূচিতে অংশ নেওয়া সম্ভব নয়।
বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান জানান, বিষয়টি আগেই প্রশাসনকে অবহিত করা হয়েছিল। এমপি উপস্থিত থাকার খবর পেয়ে তারা অনুষ্ঠানে যাননি। পরে তিনি চলে গেলে প্রশাসনের অনুরোধে পরবর্তী আয়োজনে অংশ নিয়ে সম্মাননা গ্রহণ করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান বলেন, সব মুক্তিযোদ্ধা অনুপস্থিত ছিলেন না; কয়েকজন সকালে অংশ নেননি। কুচকাওয়াজ শেষে তারা সবাই অনুষ্ঠানে যোগ দেন। মূল পর্বে এমপি উপস্থিত ছিলেন না।
এমপি মাসুম মোস্তফা বলেন, স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিএনপির একটি অংশ তাঁর অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল। পরিস্থিতি বিবেচনায় তিনি সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত হননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।