কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
কোটালিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে মারধরের পর হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফায় কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আহত রাসেল বিশ্বাস (২৫) উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে রাসেলের বাবা জামাল বিশ্বাসের সঙ্গে তাঁর চাচা পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেলকে মারধর করে।
পরিবারের সদস্যরা শুক্রবার সকালে রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ রয়েছে, এরপর প্রতিপক্ষের কয়েকজন সেখানে গিয়ে চায়নিজ কুড়াল দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে।
রাসেলের ভাই রবিউল বিশ্বাস অভিযোগ করেন, শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস হাসপাতালে ঢুকে হামলা চালায়।
অভিযুক্ত পান্না বিশ্বাসকে তাঁর বাড়িতে পাওয়া যায়নি এবং তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত মালো বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
