মাওনায় আসামি ছিনতাই, পুলিশের ওপর হামলা: ১১ সদস্য আহত, গ্রেপ্তার ৪-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০১ March ২০২৬, ১০:২৩ PM | পঠিত: ১৫ বার

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া দুই আসামি এবং দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে ধরতে ছয় সদস্যের একটি দল শ্রীপুরে আসে। তারা শ্রীপুর থানা-পুলিশের সহযোগিতা নিয়ে মাওনা গ্রামের বাসিন্দা আদিল ও তাঁর বাবা মনির হোসেনকে গ্রেপ্তার করে হাতকড়া পরায় এবং পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে।
এ সময় বাড়ির লোকজন ‘ডাকাত আসছে’ ও ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। পরে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে ১১ জন পুলিশ সদস্য আহত হন। অভিযোগ রয়েছে, আসামিদের বাড়ির নারীরাও হামলায় অংশ নিয়ে পুলিশ সদস্যদের কামড়ে গুরুতর আহত করেন এবং দুই আসামিকে ছিনিয়ে নেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া দুই আসামি এবং হামলায় জড়িত দুই নারীকে গ্রেপ্তার করা হয়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।