রয়টার্সের প্রতিবেদন: চীন সাগরতলের মানচিত্র তৈরি করছে, সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে
ডেস্ক রিপোর্ট :
চীন প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও আর্কটিক অঞ্চলে বিস্তৃত সমুদ্রতলের মানচিত্রায়ন এবং নজরদারি কার্যক্রম চালাচ্ছে। এতে সমুদ্রের পরিবেশগত বৈশিষ্ট্য সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা নৌবিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে সাবমেরিন যুদ্ধ পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
চীনের ওশান ইউনিভার্সিটি অব চায়না পরিচালিত ‘ডং ফাং হং–৩’ জাহাজটি ২০২৪ ও ২০২৫ সালে তাইওয়ান, মার্কিন ঘাঁটি গুয়াম এবং ভারত মহাসাগরের কৌশলগত এলাকায় বারবার যাতায়াত করেছে। জাহাজটি কাদামাটি জরিপ, জলবায়ু গবেষণা এবং গভীর সমুদ্র মানচিত্রায়ন করেছে। নৌযুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্য চীনের সাবমেরিন মোতায়েনকে আরও কার্যকর করতে এবং প্রতিপক্ষের সাবমেরিন শনাক্তে সাহায্য করবে।
‘ডং ফাং হং–৩’ জাহাজ একা নয়; চীনের বৃহৎ মানচিত্রায়ন ও নজরদারি কর্মসূচিতে বহু গবেষণা জাহাজ ও শত শত সেন্সর ব্যবহার হচ্ছে। এই কার্যক্রমে প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগরে সক্রিয় ৪২টি গবেষণা জাহাজের গতিবিধি পর্যালোচনা করা হয়েছে।
এই জরিপের কিছু বেসামরিক উদ্দেশ্যও রয়েছে, যেমন মাছ ধরার এলাকা বা খনিজ অনুসন্ধান। তবে নৌবিশেষজ্ঞদের মতে, এর সামরিক উদ্দেশ্যও স্পষ্ট। পানির নিচের ভূপ্রকৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের মাধ্যমে চীন সাবমেরিন অভিযান ও প্রতিপক্ষের সাবমেরিন শনাক্তের সক্ষমতা বাড়াচ্ছে।
চীনা বিজ্ঞানীরা বিভিন্ন সেন্সর, বয়া ও সাব-সি অ্যারে স্থাপন করে পানির তাপমাত্রা, লবণাক্ততা এবং সমুদ্রতলের গতিবিধি পর্যবেক্ষণ করছে। ভারত মহাসাগরের কিছু অঞ্চলে ভারত ও শ্রীলঙ্কাকে ঘিরে সেন্সর নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। দক্ষিণ চীন সাগর থেকে মালাক্কা প্রণালির প্রবেশপথ পর্যন্ত চীনা জাহাজগুলো মানচিত্রায়ন করেছে।
চীনের এই কার্যক্রমে সাবমেরিনের জন্য কৌশলগত পরিবেশ এবং যুদ্ধের প্রস্তুতি তৈরি হচ্ছে। ওশান ইউনিভার্সিটির গবেষক ঝৌ ছুন বলেন, “এটি আমাদের নৌবাহিনীর জন্য সমুদ্রের নতুন ধরনের যুদ্ধ সক্ষমতা উন্নয়নের সুযোগ দিচ্ছে।”
চীনের মানচিত্রায়ন ও নজরদারি কার্যক্রম যুক্তরাষ্ট্রের সাবমেরিন কার্যক্রম এবং সমুদ্রের নিরাপত্তার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। পশ্চিমা নৌ বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্য সাবমেরিন পরিচালনা, সংঘর্ষ এড়ানো এবং প্রতিপক্ষ শনাক্তকরণের জন্য অপরিহার্য।
অনুবাদ করেছেন: আব্দুর রহমান
