শিক্ষামন্ত্রীর অজান্তে ৮২ জনের পদোন্নতি, খতিয়ে দেখার আশ্বাস

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৫ February ২০২৬, ০৮:০৪ PM | পঠিত: ৬৫ বার

 

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৮২ জন কর্মচারীকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (এটিইও) পদে পদোন্নতির বিষয়ে কিছুই জানেন না শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। কম্পিউটার অপারেটরদের সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতি দিলে মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এই বিষয়ে তো আমরা কোনো কিছু জানি না, আপনি কোথা থেকে পেলেন এটা? কোন দপ্তর থেকে হয়েছে?”
পরে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের বিষয়টি জানানো হলে তিনি বলেন, “সেটা কি হয়েছে আমাদের সেকেন্ডারিতে, কি হয়েছে এর মধ্যে, তো কোনো নলেজ আসেনি।”
তিনি আরও বলেন, “আপনারা যেহেতু আমাদেরকে এটা বলেছেন, আমাদের চোখ এড়িয়ে গিয়েছিল জানি না। কেন সেটা অ্যাডমিনিস্ট্রেশনে কি হয়েছে, এটা আমরা খতিয়ে দেখব। এটাকে রিভিউ করতে হবে।”
জানা গেছে, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষকসহ বিভিন্ন পদে কর্মরত ৮২ জনকে ১০ম গ্রেডে পদোন্নতি দিয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।