তথ্যমন্ত্রীর মন্তব্য: ইতিহাস থেকে শিক্ষা গ্রহণই সঠিক সুশাসনের ভিত্তি

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৪ March ২০২৬, ০৬:০৪ PM | পঠিত: ২৮ বার

ডেস্ক রিপোর্ট
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ইতিহাসের শিক্ষা গ্রহণ ও ধারাবাহিক চর্চার মধ্যেই দেশের সঠিক সুশাসনের গতি নির্ভর করে। তিনি আরও বলেন, সরকার ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে।
আজ (মঙ্গলবার) রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা ‘ফিরে দেখা সেই সময়’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের মধ্য দিয়েই একটি রাষ্ট্র সঠিক পথে এগোতে পারে। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হল অতীতে ফিরে দেখা। তবে সেই স্মৃতিকে শুধু আবেগে সীমাবদ্ধ না রেখে নথিভুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার উপকরণ হিসেবে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ।
তিনি উল্লেখ করেন, বইটিতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়েছে। এতে নির্বাচন, ভোটার অংশগ্রহণ, রাজনৈতিক সংঘর্ষ এবং গণঅভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
মন্ত্রী বলেন, রাজনৈতিক ইতিহাসের অধ্যয়ন ভবিষ্যতের নেতৃত্বকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে। তিনি তরুণ প্রজন্মের মধ্যে বিতর্ক ও সমালোচনামূলক চিন্তাভাবনা গড়ে তোলার গুরুত্বেও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান এবং বাংলাভিশন টেলিভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দুল।
বইয়ের লেখক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জনগণই দেশের সকল ক্ষমতার উৎস। বইটিতে অন্তর্ভুক্ত ৩৮টি নিবন্ধে রক্তে ভেজা দিন বদলের ইতিহাস, গণতান্ত্রিক অধিকার, ভোট ও নির্বাচন, দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম, অর্থ ও ব্যাংক কেলেঙ্কারি, গুম-খুন ও ঘুষ-দুর্নীতি বিষয়ক সমালোচনামূলক নিবন্ধগুলো সংকলন আকারে প্রকাশ করা হয়েছে।

সূত্র - বাসস

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।