৫ আগস্টের পরে বিভিন্ন মামলার আসামিদের নাম যাচাইয়ের নির্দেশ-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৩ February ২০২৬, ০৯:৪২ PM | পঠিত: ২৪ বার

গাজী তুষার আহমেদ  :

৫ আগস্টের পর দায়ের করা বিভিন্ন মামলায় বড় ব্যবসায়ী ও স্বনামধন্য ব্যক্তিদের আসামি করার বিষয়টি যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ নির্দেশনার কথা জানান। মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে কিছু ক্ষেত্রে সুবিধাবাদী একটি চক্র সুযোগ নিয়ে এমন ব্যক্তিদের আসামি করেছে, যাদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রশ্নই ওঠে না।
তিনি উল্লেখ করেন, অনেক বড় ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও স্বনামধন্য নাগরিক এ ধরনের মামলায় জড়িয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এসব অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নিতে এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করা। কিন্তু যদি নিরীহ মানুষ মামলাবাজির শিকার হন, তবে তা আইনের শাসনের পরিপন্থী। তাই বিষয়গুলো দ্রুত যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য আলাদা কোনো কমিটি গঠনের প্রয়োজন নেই; এটি পুলিশের দায়িত্ব বলেও তিনি জানান। দ্রুত একটি প্রতিবেদন দেওয়ার কথাও উল্লেখ করেন মন্ত্রী।
সাংবাদিকদের নাম মামলায় রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনের শাসন সবার জন্য সমান। কোনো শ্রেণি বা পেশাভিত্তিক বৈষম্যের সুযোগ নেই। সাংবাদিকসহ যে কেউ যদি নির্দিষ্ট আইনের অধীনে অভিযুক্ত হন, তাহলে সেই আইন অনুযায়ী বিচার হবে। একইভাবে সাধারণ ধারার মামলাও প্রচলিত আইনেই নিষ্পত্তি হবে।
তিনি জোর দিয়ে বলেন, কাউকে অযথা হয়রানি করা সরকারের উদ্দেশ্য নয়; ন্যায়বিচার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।