আমার বাড়ি - বিশ্বনাথ দেবনাথ
আমার বাড়ি
বিশ্বনাথ দেবনাথ
আমার বাড়ি পুটিয়া
কামারগাঁওয়ে বাস—
জোয়াইরা বিলের তীরে
আমার বসবাস।
বাড়ির সামনে পিচঢালা পথ
পাশে শ্মশানঘাট—
বিলের ধারে হিজল জারুল
শতেক গাছের হাট—;
গাছের ঝোপে বাসা বাঁধছে
ডাহুক কুহুক বক—
একবার নয় শতবার জাগে
এইসব দেখিবার সখ।
বর্ষা এলে বিলের জল
টইটুম্বুর আহা!
ছোটো ছোটো ঢেউ ভেঙে যায়
শান্ত বিলে যাহা!
বিলের ওপার জারুলশাখায়
পাখপাখালির বাস—
তারই নিচে মিয়া চন্দ
করেন বসবাস।
বর্ষা এলে মিয়া চান
কত কষ্টে রয়!
কোশা দিয়া মিয়া চানে
এপার-ওপার হয়।
সন্ধ্যা যখন নেমে আসে
আমার ছোটো গাঁয়—
জোনাকিরা মিটিমিটি
আলোক জ্বেলে যায়।
সন্ধ্যাতারা যখন ওঠে
পুব আকাশের কোনে—
চন্দ্র তখন জোছনা ঢালে
আমার গাঁয়ের বনে।
এমন সুন্দর দৃশ্য তুমি
দেখতে এসো ভাই—
মন মাতানো প্রাণ ভোলানো
তাহার জুড়ি নাই।
বাড়ির থেকে দখিন পানে
একটু গেলে পরে—
সবুজশ্যামল সুবিশাল মাঠ
বিদ্যালয়টি পড়ে—
আলোর নিশান জ্বালিয়ে আছে
অনেক বছর ধ’রে।
পুটিয়া উচ্চবিদ্যালয়
নামটি সবাই জানে—
হাজার হাজার ছেলেমেয়ে
জ্ঞানের আলোক-স্নানে
আহা, সুনাম বয়ে আনে!
ঋণী হ’য়ে আছি আমরা
শিক্ষাগুরুর কাছে—
আহা, এই গাঁয়ের কাছে
কত ঋণ যে আছে!
প্রীতির প্রিয় পতাকা উড্ডীন
বন্ধনের জলাভূমি হালে—
শেষ হবে না এ-ঋণ
কোনোদিন কোনোকালে।
