তুই কী আশ্চর্য অপরিবর্তনীয়া : মারুফুল ইসলাম
তুই কী আশ্চর্য অপরিবর্তনীয়া
মারুফুল ইসলাম
আমাদের শৈশবে কফি ছিল না
ছিল সিলেটের সুরভিত সুবর্ণ চা
আমরা কি চা ভাগ করে খেয়েছি কখনো
তুই কাপে
আমি পিরিচে
সঙ্গে লবঙ্গলতিকা বা সিঙারা
এখন তো কালো কফি ছাড়া সকালের আলোই ফোটে না
এক উড়ালে কেটে গেছে ষাটের অধিক বছর
উবে গেছে মফস্বলের স্বাদ আর ঘ্রাণ
পৌষের রোদে উষ্ণ পুনিয়াউটের উঠোন
পুবের ঘর আর পশ্চিমের পুকুর
এখন স্বদেশের বিমানবন্দরের লাউঞ্জে সকালের নাস্তা সারি
আকাশে দুপুরের খাওয়া
বিদেশের রেস্তোরাঁয় রাতের পানাহার
আলগোছে বদলে গেছে বাড়িঘরের সীমানা ও সংজ্ঞার্থ
মানবিক সম্পর্কের মর্মকথা
সবকিছুই বদলে যায় একে একে
অথচ তুই কী আশ্চর্য অপরিবর্তনীয়া
