ইরানজুড়ে ভয়াবহ বিস্ফোরণ, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি
ডেস্ক রিপোর্ট:
মধ্যপ্রাচ্যের দেশ ইরান-এর রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার প্রেক্ষাপটে দেশজুড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
রাজধানী তেহরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শোনা যায়। একই সঙ্গে শহরের পূর্ব ও পশ্চিম অংশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া ইস্পাহান, কারাজ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ-এও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহভাজে একটি হাসপাতাল হামলার কবলে পড়েছে বলে জানা গেছে।
বার্তা সংস্থার তথ্যমতে, বন্দর আব্বাস-এ একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
চলমান এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১,৫০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলার তীব্রতা বিবেচনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হাসপাতাল, স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব কার্যালয়ও রয়েছে।
চলমান এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানানো হচ্ছে।
