যুদ্ধ ঘোষণার ক্ষমতা কার—ট্রাম্প নাকি কংগ্রেস? বিতর্কে যুক্তরাষ্ট্র

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১৯ March ২০২৬, ১২:২৫ AM | পঠিত: ৩৭ বার

ডেস্ক রিপোর্ট:
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র বিতর্কে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ-বিদেশে সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভেতরেও আইনি প্রশ্ন উঠেছে—যুদ্ধ ঘোষণার প্রকৃত ক্ষমতা কার হাতে, প্রেসিডেন্ট নাকি কংগ্রেস?
মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ পরিচালনার ক্ষমতা প্রেসিডেন্ট ও কংগ্রেসের মধ্যে ভাগ করা হলেও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার একক ক্ষমতা কংগ্রেসের হাতে। সংবিধানের আর্টিকেল-১ অনুযায়ী কংগ্রেসই যুদ্ধ ঘোষণা, সামরিক বাজেট অনুমোদন এবং সেনাবাহিনী গঠনের নিয়ন্ত্রণ রাখে।
অন্যদিকে, আর্টিকেল-২ অনুযায়ী প্রেসিডেন্ট সামরিক বাহিনীর ‘কমান্ডার ইন চিফ’ হিসেবে দায়িত্ব পালন করেন এবং যুদ্ধ পরিচালনার কৌশল নির্ধারণ করেন। তবে যুক্তরাষ্ট্রের ওপর আকস্মিক হামলা বা আসন্ন বড় হুমকি থাকলে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়াই তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নিতে পারেন।
ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের পক্ষ থেকে আসন্ন হুমকি মোকাবিলায় আত্মরক্ষার্থে এই অভিযান চালানো হয়েছে। তবে বিরোধী ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অভিযোগ করেছেন, কংগ্রেসকে পাশ কাটিয়ে এই সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট তাঁর সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছেন।
এদিকে, ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ অনুযায়ী প্রেসিডেন্টকে সামরিক পদক্ষেপ নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে কংগ্রেসকে জানাতে হয় এবং অনুমোদন ছাড়া ৬০ দিনের বেশি সেনা মোতায়েন রাখা যায় না।
আন্তর্জাতিক অঙ্গনেও এই হামলার সমালোচনা হচ্ছে। জাতিসংঘ–এর মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও উঠেছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।