কাবার গিলাফ কাটার চেষ্টা: তুর্কি নারী আটক, তদন্ত চলছে

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ৩০ March ২০২৬, ০৭:৫৬ PM | পঠিত: ১৪ বার

ইসলাম ডেস্ক :
পবিত্র মসজিদুল হারাম-এ কাবার গিলাফ (কিসওয়া) কাটার চেষ্টার অভিযোগে এক তুর্কি নারীকে আটক করেছে সৌদি আরব-এর নিরাপত্তা বাহিনী। ঘটনাটি ঘিরে মুসল্লিদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, একটি তুর্কি হজ কাফেলার সঙ্গে আসা ওই নারী কাঁচি দিয়ে কাবা শরিফ-এর গিলাফের একটি অংশ কেটে স্মারক হিসেবে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আশপাশে থাকা মুসল্লিরা তাঁকে বাধা দিয়ে সতর্ক করেন এবং বলেন, এটি হারাম ও সম্পূর্ণ নিষিদ্ধ কাজ।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত হস্তক্ষেপ করে মসজিদুল হারামের নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকেই ওই নারীকে আটক করে নিয়ে যাওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুরো ঘটনার কিছু অংশ দেখা গেছে।
প্রথমদিকে সামাজিক মাধ্যমে দাবি ওঠে, আটক নারী মিসরের নাগরিক। তবে স্থানীয় গণমাধ্যম ‘Islamic Information’-এর প্রতিনিধি নিশ্চিত করেন, তিনি তুরস্কের নাগরিক এবং একটি তুর্কি হজ কাফেলার সদস্য হিসেবেই সৌদি আরবে এসেছিলেন। ফলে মিসরীয় হওয়ার তথ্যটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।
সৌদি আইনে কাবার গিলাফ অত্যন্ত পবিত্র ও রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচিত। এর কোনো অংশ কাটা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত করা গুরুতর অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত আটক নারীর বর্তমান অবস্থা বা তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সূত্র: The Islamic Information

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।