ক্ষমার আলোয় মুমিনের মর্যাদা-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৪ March ২০২৬, ০৯:৪৬ AM | পঠিত: ১৮ বার

ইসলাম ডেস্ক:
ক্ষমা মানুষের চরিত্রের এমন এক দীপ্ত গুণ, যা হৃদয়কে প্রশস্ত করে এবং সমাজে শান্তির সুবাতাস ছড়িয়ে দেয়। ইসলামে ক্ষমাশীলতা কেবল নৈতিক আচরণ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মহান আল্লাহ তাআলা নিজেকে ‘আল-গাফুর’—পরম ক্ষমাশীল—নামে পরিচয় দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় তিনি আল্লাহ, ক্ষমাশীল, পরম ক্ষমাপরায়ণ।’ (সুরা হজ: ৬০)। আল্লাহ যেমন তাঁর বান্দাদের অসংখ্য অপরাধ ক্ষমা করেন, তেমনি তিনি চান মানুষও পরস্পরের প্রতি ক্ষমার মনোভাব পোষণ করুক।
নবী করিম (সা.)-কে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ‘আপনি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করুন, সৎকাজের আদেশ দিন এবং মূর্খদের এড়িয়ে চলুন।’ (সুরা আরাফ: ১৯৯)। তাফসিরে বর্ণিত হয়েছে, যে সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা, যে বঞ্চিত করে তাকে দান করা এবং যে জুলুম করে তাকে ক্ষমা করা—এটাই ইসলামের উচ্চ নৈতিক শিক্ষা।
পবিত্র কোরআনে ক্ষমাশীলদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবিত হও, যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান...যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য; যারা রাগ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল।’ (সুরা আলে ইমরান: ১৩৩-১৩৪)। অন্য আয়াতে বলা হয়েছে, ‘যে ব্যক্তি ধৈর্য ধরবে ও ক্ষমা করবে, তা বড় উচ্চমানের সাহসিকতার কাজ।’ (সুরা আশ-শুরা: ৪৩)।
রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ব্যক্তিগত কষ্টের প্রতিশোধ তিনি কখনো নেননি। এক বেদুইন তাঁর চাদর টেনে গলায় দাগ ফেলে দিলেও তিনি হাসিমুখে তার প্রয়োজন পূরণ করেন। মক্কা বিজয়ের দিন, যারা তাঁকে নির্যাতন ও দেশছাড়া করেছিল, তাদের প্রতিও তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেন, ‘আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’
হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন।’ (সহিহ মুসলিম: ২৫৮৮)। তাই ক্ষমা দুর্বলতার পরিচয় নয়; বরং এটি সাহস, তাকওয়া ও মহান ব্যক্তিত্বের প্রতিফলন।
সমাজে বিভেদ, বিদ্বেষ ও প্রতিশোধের আগুন যখন ছড়িয়ে পড়ে, তখন ক্ষমাই হতে পারে শান্তির শীতল ছায়া। আল্লাহর ভালোবাসা ও পরকালীন সফলতার প্রত্যাশায় আমাদের সবার উচিত ক্ষমা ও সহনশীলতার পথ বেছে নেওয়া। ক্ষমা মানুষের মর্যাদা কমায় না, বরং তাকে আসমানের দিকে এক ধাপ উঁচুতে তুলে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।