কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত কয়েকজন চিকিৎসক
কালীগঞ্জ প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী-পরিদর্শনের সময় কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান তিনি। একই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদও হাসপাতালে উপস্থিত ছিলেন না।
মন্ত্রী হাসপাতালে পৌঁছে চিকিৎসক ও কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কিছুক্ষণ পর ডা. রেজওয়ানা রশিদ বাসা থেকে হাসপাতালে এসে পৌঁছান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি বলে জানা গেছে।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেবার মান সম্পর্কে খোঁজ নেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করলেও কিছু অনিয়ম ও ত্রুটি তাঁর নজরে এসেছে বলে জানান। এসব বিষয় নোট করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি স্থানীয় জনগণের চিকিৎসাসেবার চাহিদা পূরণে যথেষ্ট নয়। স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে আবেদন এলে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নের বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এ ধরনের আকস্মিক পরিদর্শন উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
