নওগাঁর মান্দায় তেল না পেয়ে বাইকচালকেরা মহাসড়ক অবরোধ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় তেল না পেয়ে ক্ষুব্ধ বাইকচালকরা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার (২৯ মার্চ) সকালে শাপলা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বাইকচালকেরা অভিযোগ করেছেন, পাম্পগুলোতে তেলের মজুদ থাকা সত্ত্বেও তা গভীর রাতে খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করা হচ্ছে। নামমাত্র কিছু বাইকারকে তেল দেওয়ার পর পাম্প বন্ধ করে দেওয়া হয়। এতে চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বাইকচালক শরিফ উদ্দিন বলেন, “সকাল ৭টার থেকে তেল বিতরণ শুরু হয়, কিন্তু সকাল ১০টার মধ্যে ৩ হাজার লিটার তেল শেষ হয়ে যায় বলে জানিয়ে পাম্প বন্ধ করে দেওয়া হয়। অনেকেই তেল পাননি।”
ভুক্তভোগী আসলাম হোসেন বলেন, “পাম্প কর্তৃপক্ষের অনিয়মের কারণে আমাদের তেল পান সম্ভব হয়নি। চাকরিজীবীদের জন্য গাড়ি না চললে বেতন পাওয়া যায় না, তাই মহাসড়ক অবরোধ করা হয়েছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, “সুশৃঙ্খলভাবে তেল বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
