ঐক্যবদ্ধভাবে মানবিক ঢাকা-১৮ গড়ার আহ্বান এমপি জাহাঙ্গীরের-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ১০ March ২০২৬, ১১:২০ AM | পঠিত: ৫৬ বার

হেলাল উদ্দিন মোল্লা:
রাজধানীর দক্ষিণখানে দোয়া ও ইফতার মাহফিলকে কেন্দ্র করে মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপুল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উত্তরা ও দক্ষিণখান এলাকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গত শনিবার ফায়দাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আজগারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিকাল থেকেই মানুষের ঢল নামে। একপর্যায়ে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং আশপাশের এলাকাতেও মানুষের ভিড় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এত বড় পরিসরের ধর্মীয় ও সামাজিক আয়োজন দক্ষিণখানে খুব কমই দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা, সমাজসেবী, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমাদের এখন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার সময়। হানাহানি ও বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি আপনাদের নিয়ে একটি মানবিক ঢাকা-১৮ গড়তে চাই।”
তিনি আরও বলেন, “ঢাকা-১৮ এলাকাকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন। শান্তি ও স্বস্তির ঢাকা গড়া আমার একটি বড় চ্যালেঞ্জ। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে অবশ্যই তা সম্ভব হবে—ইনশাআল্লাহ।”
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “যুব সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। আমরা ভালো কাজে যুব সমাজকে কাজে লাগাতে চাই। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে রাখা সম্ভব। প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমান যুব সমাজকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে দায়িত্ব দিয়েছেন, তা তখনই সফল হবে যখন আপনারা সবাই সহযোগিতা করবেন। আমরা সবাই একসঙ্গে কাজ করলে অবশ্যই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে—ইনশাআল্লাহ।”
আয়োজকরা জানান, ইফতার মাহফিলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়। একই সঙ্গে হেলাল তালুকদারের প্রয়াত পিতা মরহুম মো. শাহজাহান তালুকদারের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইফতার শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।