গাজীপুরের শ্রীপুরে ১০ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার পর থেকে মহাসড়কের মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে জৈনা বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট দেখা যায়। এতে ঈদে ঘরমুখী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ঢাকা অভিমুখী লেন তুলনামূলক স্বাভাবিক থাকলেও ময়মনসিংহগামী লেনে প্রচণ্ড যানবাহনের চাপ তৈরি হয়েছে। দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় একই স্থানে দাঁড়িয়ে রয়েছে। যত দূর চোখ যায়, কেবল যানবাহনের সারি দেখা যাচ্ছে।
সৌখিন পরিবহনের বাসচালক রমিজ উদ্দিন বলেন, “ঘণ্টাখানেক ধরে জৈনা বাজার এলাকায় দাঁড়িয়ে আছি। অনেক গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। পুলিশ কাজ করলেও যানজট কমছে না। প্রচণ্ড গরমে যাত্রীদের অবস্থা খুব খারাপ, বিশেষ করে শিশুদের কষ্ট বেশি।”
শ্যামলী পরিবহনের যাত্রী সুলতান খান বলেন, “ঈদের ছুটির তৃতীয় দিনেও এমন দুর্ভোগ হবে ভাবিনি। রাতে বৃষ্টির কারণে যাত্রা শুরু করিনি, কিন্তু দিনে আরও বেশি ভোগান্তিতে পড়েছি। গরমে শিশুরা কাঁদছে, যাত্রীরা অস্থির হয়ে উঠছে।”
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মাওনা চৌরাস্তার পর থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রবেশমুখে এলোমেলোভাবে গাড়ি ঢুকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে ঈদকে সামনে রেখে মহাসড়কে এমন দীর্ঘ যানজট যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও যানবাহন নিয়ন্ত্রণে কঠোরতা বাড়ানো না হলে ঈদযাত্রায় এই ভোগান্তি অব্যাহত থাকতে পারে।
