পলাশবাড়ী থানায় পুলিশের ওপর হামলা: জামায়াত নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৭ March ২০২৬, ১১:৩০ AM | পঠিত: ১০ বার

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ একাধিক পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে উপজেলা যুব জামায়াতের নেতা মাহমুদুল হাসান পলাশসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম খান। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে একটি অভিযোগপত্র নিয়ে থানায় যান। এ সময় ওসির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হয়।
পুলিশের দাবি, একটি ব্যবসা প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে বন্ধ করার দাবি জানানো হলে ওসি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন এবং তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা ওসির ওপর চড়াও হন এবং মারধর করেন।
এ সময় বাধা দিতে গেলে আরও ৯ জন পুলিশ সদস্য হামলার শিকার হন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন—ওসি সরোয়ারে আলম, এসআই রাসেল আহমেদ, এএসআই রুহুল আমিন, এএসআই নুরুজ্জামান, এএসআই শাহ নেওয়াজ, এএসআই আশরাফুল, কনস্টেবল আব্দুল মজিদ, কনস্টেবল সিরাজুল ইসলাম ও নারী কনস্টেবল মোস্তাকিনা।
আহত এএসআই রুহুল আমিন জানান, হামলাকারীরা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের মারধর করে এবং ইট দিয়ে আঘাত করলে তাঁর ডান হাত ভেঙে যায়। তিনি এটিকে পরিকল্পিত হামলা বলে দাবি করেন।
ঘটনার সময় উপস্থিত থাকা তৌহিদুল ইসলাম কানন নামে এক সংবাদকর্মীকে আটক করা হয় এবং পরে তাঁকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, সিসিটিভি ফুটেজ দেখে কেউ জড়িত থাকলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশিদুল বারী জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।