সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা, নেই হতাহত

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৬ March ২০২৬, ১১:৪৫ AM | পঠিত: ১৪ বার

ডেস্ক রিপোর্ট | আপডেট:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারী এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে বাংলাদেশ মিলিটারি গেট-সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারী এলাকায় পৌঁছালে প্রথমে ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন একটি শীতাতপনিয়ন্ত্রিত বগিতে।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, আগুন লাগার পরপরই বগিতে থাকা যাত্রীরা নিরাপদে নেমে যান এবং তাদের মালপত্রও দ্রুত সরিয়ে নেওয়া হয়। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ক্ষতিগ্রস্ত দুটি বগি আলাদা করে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
কুমিরা ফায়ার সার্ভিসের সাবস্টেশন কর্মকর্তা আহসান আলী জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।