স্কুল ও কলেজে র‍্যাঙ্কিং সিস্টেম চালুর উদ্যোগ

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৫ March ২০২৬, ০৯:৪৩ PM | পঠিত: ৩০ বার

নিজস্ব প্রতিবেদক
স্কুল ও কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য র‍্যাঙ্কিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী A. N. M. Ehsanul Haq Milon। বৃহস্পতিবার বিকেলে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই র‍্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে দেশের স্কুল ও কলেজগুলোর গুণগত মান মূল্যায়ন করা হবে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, পরিচালনা ব্যবস্থা, শিক্ষার্থীদের ফলাফল এবং সামগ্রিক শিক্ষার মানের ওপর ভিত্তি করে বিভিন্ন সূচক নির্ধারণ করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো সঠিক তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এর আগে দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আরেকটি সভায় শিক্ষামন্ত্রী শিক্ষা অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে অনেক কাজ চলমান রয়েছে। এসব কাজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে।
নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, অনেক সময় নতুন ভবন নির্মাণের কয়েক বছরের মধ্যেই তা জরাজীর্ণ হয়ে পড়ে। তাই ঠিকাদারদের দক্ষতা, জনবল এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সক্ষমতা যাচাই করে দায়িত্ব দিতে হবে।
এ ছাড়া দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রশাসনের ভেতরে অপ্রয়োজনীয় দূরত্ব কমিয়ে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা–সংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তি করতে হবে, যাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকদের অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় অফিসে ঘোরাফেরা করতে না হয়।
একই সঙ্গে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে বদলি কার্যক্রম পরিচালনার নির্দেশনাও দেন শিক্ষামন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।