নতুন কমিশন নয়, বিদ্যমান রিপোর্টই বাস্তবায়ন—পিলখানা ইস্যুতে স্পষ্ট বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৫ February ২০২৬, ১২:২৪ PM | পঠিত: ৪৪ বার

নিজস্ব প্রতিবেদক |

শহিদ সেনা দিবসে শ্রদ্ধা আর স্মৃতির আবহে পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে গুরুত্বপূর্ণ অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যথোপযুক্ত ব্যক্তিদের নিয়ে একটি জাতীয় কমিশন গঠন করেছিল এবং সেই কমিশনের রিপোর্ট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তাই নতুন করে আর কোনো কমিশনের প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ এসেছে এবং বিচারাধীন মামলাগুলো রয়েছে, সেগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী উল্লেখ করেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড। এ ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানতে তৎকালীন সরকার তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল প্রকাশ হয়নি বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ শহিদ পরিবারের উদ্দেশ্যে বলেন, “এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”
তিনি দাবি করেন, এ ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি অপচেষ্টা ছিল এবং যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন কাজ করতে পারে।
রাষ্ট্রীয় মর্যাদায় পালিত শহিদ সেনা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দিনটি ঘিরে বনানী সামরিক কবরস্থানে ছিল গভীর শ্রদ্ধা ও শোকের আবহ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।