চাঁদাবাজদের তালিকা করে দ্রুত আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী-

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ০৪ March ২০২৬, ০৩:১২ PM | পঠিত: ২১ বার

নিজস্ব প্রতিবেদক:
চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগি আসামিদের তালিকা প্রস্তুত করে দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব শিগগিরই দেশব্যাপী অভিযান শুরু হবে, যার সূচনা হবে ঢাকা থেকে। চাঁদাবাজদের একটি নিরপেক্ষ ও পক্ষপাতহীন তালিকা প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসী ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আলাদা তালিকাও করা হচ্ছে। তালিকা পর্যালোচনা শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। জনগণকে আশ্বস্ত করতে চাই—দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
পুলিশ বাহিনীর অতীত ভাবমূর্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে বিভিন্ন কারণে পুলিশ বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রতিষ্ঠান হিসেবে পুলিশ দায়ী নয়। একটি বিশেষ সময়ের কিছু ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীর ওপর বর্তায় না। তিনি জোর দিয়ে বলেন, পুলিশকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে থেকেই কাজ করতে হবে; কোনো ব্যক্তিকেন্দ্রিক নির্দেশনায় নয়, বরং আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
চেইন অব কমান্ড প্রসঙ্গে তিনি জানান, আইজিপি বা ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনে নিম্নস্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, তবে কমান্ড কাঠামো অক্ষুণ্ন রাখতে হবে।
এ ছাড়া রাজধানীর যানজট নিরসনেও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যার কথাও এ সময় শোনেন তিনি এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।