জীবননগরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় পেলেন শিক্ষক মিজানুর রহমান লাকী

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২২ March ২০২৬, ০৯:৪৪ PM | পঠিত: ১০ বার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা-তে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে শিক্ষককে দেওয়া হলো রাজকীয় বিদায়। মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান লাকী-কে অবসর উপলক্ষে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
রোববার (২২ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগেই এ ব্যতিক্রমী সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায়ী বক্তব্যে মিজানুর রহমান লাকী বলেন, তিনি সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন এবং শিক্ষার্থী ও গ্রামের মানুষের ভালোবাসা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ভালো মানুষ হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করাই তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”
প্রাক্তন শিক্ষার্থী জনি আহমেদ বলেন, শিক্ষক শুধু পড়াশোনা নয়, জীবনের মূল্যবোধও শিখিয়েছেন। আরেক শিক্ষার্থী রাউফীল জানান, স্যারের কাছ থেকে তারা শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষা পেয়েছেন, যা তাদের জীবনে দিকনির্দেশনা হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে করে শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এলাকাবাসী তাকে শুভেচ্ছা ও বিদায় জানান। ব্যতিক্রমী এ আয়োজন এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উল্লেখ্য, মিজানুর রহমান লাকী ২০০২ সালে বিদ্যালয়ে যোগদান করেন এবং দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে ২০২৬ সালে অবসরে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।