জিয়ার নাম না থাকায় অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

কামাল বারি বাংলাদেশ
প্রকাশ: ২৮ March ২০২৬, ০৯:৪৭ AM | পঠিত: ১৩ বার

্ঝিনাইদহ প্রতিনিধি:
স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর নাম উল্লেখ না করায় ঝিনাইদহের মহেশপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হলে পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারকে বদলি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) মহেশপুর অডিটরিয়াম মাঠে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জিয়াউর রহমানের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতা-কর্মীরা কর্মসূচি বর্জন করেন।
এ ঘটনার প্রতিবাদে প্রথমে ঝাড়ুমিছিলের ঘোষণা দিলেও পরে তা সমাবেশের মাধ্যমে শেষ করা হয়। সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাসসহ অন্যান্য নেতারা।
এদিকে একই দিন রাতে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারী উপজেলা-এ বদলি করা হয়। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে। জানা গেছে, ২৬ মার্চ রাতে ইউএনও চিঠিটি হাতে পেলেও এতে ২৫ মার্চের তারিখ উল্লেখ ছিল।
বিষয়টি নিয়ে ইউএনও খাদিজা আক্তার বলেন, “আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। সরকার ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করি।” তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে যার নাম রয়েছে, তা পরিবর্তন না হলে অন্য কিছু বলা সম্ভব নয়।
ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে নোটিফিকেশন অ্যালাউ করুন।